
শিশু কেন খেতে চায় না?
শিশুর খেতে না চাওয়া বেশ প্রচলিত একটি সমস্যা। শিশুর খাবারের ওপর তার বৃদ্ধি, পুষ্টি-এসব বিষয় জড়িত। তাই কী কারণে শিশুটি খেতে চায় না এই বিষয়টি খতিয়ে দেখা জরুরি।
প্রশ্ন : প্রত্যেক মায়ের অত্যন্ত সাধারণ একটি সমস্যা, আমার বাচ্চাটি খেতে চায় না। কী বলবেন এই ক্ষেত্রে?
উত্তর : আসলে আমি তো বলি এটি সবারই সমস্যা। কারণ আজকাল দেখি সব মাই বলতে থাকেন, ডাক্তারসাহেব আমার বাচ্চাটি খেতে চায় না; কী করব? এখন খেতে না চাওয়া সত্যি সত্যিই একটি বড় সমস্যা। আজকাল সবার ঘরে একটা-দুটো বাচ্চা। আর তারাও যদি খেতে না চায়, মায়েরা নিশ্চয়ই চিন্তায় থাকবেন, এটাই স্বাভাবিক। তাই সবার মুখে মুখেই শুনবেন বাচ্চাটি খেতে চায় না। এই জিনিসটি খুব গভীরভাবে চিন্তা করতে হবে। আমাদের দেখতে হবে বাচ্চা ঠিকমতো বাড়ছে কি না। সে জন্য নিয়মিত বাচ্চার ওজন দেখতে হবে। তার উচ্চতা ঠিকমতো হচ্ছে কি না, তার বয়সের অন্যান্য বাচ্চাদের তুলনায় বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কি না। বাচ্চার যে মাইলস্টোন ডেভেলপমেন্ট বলি, খেলাধুলা, চালচলন, কার্যক্রম সব ঠিক আছে কি না- এসব দেখতে হবে।
এগুলো যদি সব ঠিক থাকে, তাহলে আমরা দেখি মায়ের কোনো সমস্যা কি না। অনেক সময় আমরা দেখি মায়েরা খুব জোরাজুরি করেন শিশুকে খাওয়ানোর জন্য। একটু খাওয়া নিয়ে সারা দিন বাচ্চার পেছনে ঘোরাঘুরি করেন। তারপর হয়তো একই খাবার প্রতিদিন দেন, রোজ খিচুড়ি, রোজ সুজি- এগুলোতে বাচ্চারা বিরক্ত হয়ে যায়। এসব বিষয়গুলো দেখতে হবে। এরপর দেখতে হবে মা খাওয়ার জন্য বাচ্চাকে খুব মারধর করছে কি না। এই জিনিসগুলো মাকে বোঝাতে হবে। মাকে এমনভাবে বোঝাতে হবে, মা যেন বিরক্ত হয়ে না যান। বোঝাতে হবে, আপনার বাচ্চার ওজন ঠিক আছে, বাড়ছে ঠিকমতো, তাহলে আপনার একঘেয়ে খাবারে একটু পরিবর্তন আনতে হবে। খাবারটা রঙিন হতে হবে, মারধর করবেন না, খাবার একটু বিরতি দিয়ে খাওয়াতে হবে।
আরেকটি বলতে হবে, কোনোভাবেই খাওয়া নিয়ে বাচ্চাকে মারধর করা যাবে না। তাহলে খাওয়ার প্রতি আগ্রহ থাকবে না, অনীহা চলে আসবে।
medicalbd সাস্থের সকল খবর।
