হাসপাতালে চিকিৎসা অবহেলায় সাংবাদিকের মৃত্যু


জি,এম মিঠন, নওগাঁ: নওগাঁ সদর হাসপাতালের ডাক্তারদের চিকিৎসা অবহেলায় ডিবিসি টিভির নওগাঁ প্রতিনিধি তরুন সাংবাদিক নাজমুল হুদা’র মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে প্রতীকি কর্মবিরতি এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নওগাঁ মুক্তির মোড়ে প্রধান সড়কের পাশে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই কর্মসূচী পালন করেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা তাঁদের ক্যামেরা, ট্রাইপড, কলম, প্যাড ইত্যাদি উপকরন রেখে তার পাশে অবস্থান গ্রহন করেন। এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই, টিভির নওগাঁ জেলা প্রতিনিধি কায়েস উদ্দিন।

সাংবাদিকরা অবিলম্বে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম ও আবাসিক চিকিৎসক ডাঃ মুনির আলী আকন্দকে বদলীর জোর দাবী জানান। এ সময় বক্তব্যে আরো বলেন, নওগাঁ জেলা সদর হাসাপাতালকে জেলার প্রায় ৩২ লক্ষ মানুষের চিকিৎসা সেবা উপযোগী করে গড়ে তোলা এবং চিকিৎসকদের চিকিৎসা সেবা দেয়ার মানষিকতা গড়ে তোলার আহবান জানান সাংবাদিকরা।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, দৈনিক করতোয়া প্রতিনিধি নবির উদ্দিন, ইনকিলাব প্রতিনিধি এমদাদুল হক সুমন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ শাহজাহান আলী, ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি মোঃ সাদেকুল ইসলাম, এটি এন বাংলা প্রতিনিধি এ এস এম রাইহান আলম, এনটিভি প্রতিনিধি আসাদুর রহমান জয়, সময় টেলিভিশন প্রতিনিধি এম আর রকি, বাংলাভিশন প্রতিনিধি বেলায়েত হোসেন, যমুনা টেলিভিশন প্রতিনিধি শফিক ছোটন, চ্যানেল-২৪ প্রতিনিধি হারুন-অর-রশিদ চৌধুরী রানা এবং দৈনিক খোলা কাগজ প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল।

কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষনা করে তাৎক্ষনিকভাবে বক্তব্য রাখেন বাসদ নওগাঁ জেলার সমন্বয়ক জয়নুল আবেদীন মুকুল এবং বিশিষ্ট নাগরিক মোস্তাক হাসান গুল্টু।

এ সভা থেকে পুনরায় নওগাঁ সদর হাসপাতালের উক্ত তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম এবং আবাসিক চিকিৎসক ডাঃ মুনির আলী আকন্দের অন্যত্র বদলী দাবী করে ৭ দিনের আলটিমেটাম ঘোষনা দেন সাংবাদিকরা। আগামী ৭ দিনের মধ্যে ঐ দুই স্বাস্থ্য কর্মকর্তাকে বদলী করা না হলে, আগামীতে জোরালোভাবে সামজিক আন্দোলন গড়ে তোলার কর্মসূচী ঘোষনা করেন জেলার সাংবাদিকরা।

আরও পড়ুনঃ আইআইসিইউতে  ফার্মা ফেস্ট ২০১৮ অনুষ্ঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*