
বরগুনায় সরকারী হাসপাতালে সম্মানী নিয়ে রোগীর চিকিৎসা
মোঃ মেহেদী হাসান, বরগুনা: বরগুনায় সরকারী হাসপাতালে সরকারী সময় তালিকায় ৫”শ টাকা সম্মানী নিয়ে রোগী দেখে ব্যবস্থাপত্র দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকাল ৫ টায় ১শ’ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে। নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাইফুল ইসলাম শাকিল ইতিপূর্বেও হাসপাতালে সরকারী ডিউটিরত অবস্থায় অবৈধভাবে রোগী দেখেন বলে অভিযোগ পাওয়া যায়। জানা যায়, বরগুনা জেনারেল হাসপাতালে বিগত দিন থেকে তিনি গ্রামের গরীব রোগীদের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। ডাঃ মোঃ সাইফুল ইসলাম শাকিল বরগুনার বেতাগী উপজেলা হেল্থ কমপ্লেক্স থেকে গত ২৬ জানুয়ারী ২০১৭ তারিখ ইমার্জেন্সী মেডিকেল অফিসার পদে বরগুনা জেনারেল হাসপাতালে যোগদান করেন।
বরগুনা সদর উপজেলার ফুলঝুরী ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের আবদুল মালেকের ছেলে কাওসার আহম্মেদ-১৪ জেনারেল হাসপাতালে পুরুষ ওয়ার্ডের ৩০ নং বেডে ভর্তি আছেন। অসুস্থ্য কাওসার জানান, গ্রামের বাড়ীতে বসে দুষ্ট ছেলেদের থাপ্পরে তার কানের পর্দা ফেটে যায়। এমতাবস্থায় কাওসারের অভিভাবক গত বৃহস্পতিবার ৫ টায় বরগুনা জেনারেল হাসপাতালের ইমার্জেন্সীতে কাওসারকে নিয়ে এসে নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ শাকিলকে দেখালে ডাঃ শাকিল সরকারী ডিউটি পালনকালে তার কাছ থেকে ৫’শ টাকা সম্মানী নিয়ে ব্যবস্থাপত্র লিখে দেন এবং কাওসারকে হাসপাতালে ভর্তি করেন।
জানতে চাইলে অভিযুক্ত ডাঃ মোঃ সাইফুল ইসলাম শাকিল সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এ সব মিথ্যা কথা। ওই রোগী আমার চেম্বারে প্রথমে দেখায়। পরে হাসপাতালে এসে ভর্তি হয়।
এ বিষয়ে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ সোহরাব হোসেন জানান, হাসপাতালে ফী নিয়ে রোগীর চিকিৎসা দেয়ার ব্যাপারে ডাঃ শাকিলের বিরুদ্ধে ইতিপূর্বেও অভিযোগ রয়েছে। তাকে এ ব্যাপারে সবধান করা হয়েছে। যাহোক এবারের ঘটনাটি তদন্ত করে যদি সত্যি প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
medicalbd সাস্থের সকল খবর।
