
প্রথম মাসিক
প্রথম মাসিক – আপনার দায়িত্ব কি?
মাসিকের বিষয়টি একজন প্রাপ্তবয়স্ক মেয়ের কাছে যতটা সাধারণ ও নিয়মিত ব্যাপার; বয়ঃসন্ধিকালে সেই মেয়েটির প্রথম মাসিক ততটাই আতংকের। এ সময় মেয়েদের শরীরে আসে আমূল পরিবর্তন যার সাথে শারীরিক ও মানসিকভাবে খাপ খাইয়ে নেয়া বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। সাধারণত ১২-১৩ বছর বয়স থেকে মেয়েদের মাসিক শুরু হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আট বা নয় বছরেও শুরু হয়ে যেতে পারে আবার অনেকের পনের বা ষোল বছর বয়সে মাসিক শুরু নাও হতে পারে। তাই প্রথম মাসিক হওয়ার আগের কিছু লক্ষণ জেনে রাখা ভাল।
প্রথম মাসিকের লক্ষণগুলো:
সাধারণত মায়ের যে বয়সে প্রথম মাসিক হয়েছিল, মেয়েদেরও ওই বয়সে প্রথম মাসিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আগে বা পরে হতে পারে। মাসিক শুরু হওয়ার প্রায় ৩ বছর আগে থেকে স্তনের বৃদ্ধি শুরু হয়। সাধারণত স্তনের বৃদ্ধির ৪ বছরের মধ্যে মাসিক শুরু হয়। শরীরের পিউবিক হেয়ার বৃদ্ধি পায়। পিউবিক হেয়ার বৃদ্ধির ২ বছরের মধ্যে প্রথম মাসিক হয়। প্রথম মাসিক হওয়ার আগে যোনি দিয়ে সাদা বা হলুদাভ স্রাব নির্গত হবে। স্রাব নির্গত হওয়ার ৬-১২ মাসের মধ্যে প্রথম মাসিক হয়। কোন কোন ক্ষেত্রে ১৮ মাস লেগে যেতে পারে।
প্রথম মাসিকের প্রস্তুতি?
সাধারণত দুই থেকে সাত দিন পর্যন্ত মাসিক স্থায়ী হয়। আর সেভাবে প্রস্তুতি নিয়ে রাখা উচিত। যেহেতু ১২-১৩ বছরের সময় বেশির ভাগ মেয়েদের মাসিক হয়ে যায়। তাই এই সময়ে মেয়েদের মাসিকের জন্য প্রয়োজনীয় উপকরণ সাথে রাখা ভাল। স্কুলে বা অন্য কোন পাবলিক স্থানে প্রথম মাসিক হলে ঘাবড়ে না যেয়ে আশেপাশের কারো সাহায্য নিন।
পিতামাতার কর্তব্য:
আপনার মেয়ের সাথে কথা বলুন, মেলামেশা করুন। তাকে জানান যে এটি খুবই স্বাভাবিক একটি নিয়ম ও আর এতে কোন চিন্তার বা ভয়ের বিষয় নেই। নিজের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে মেয়েকে জানান। তাকে আশ্বস্ত করুন যে ভয় পাবার কিছুই নেই। স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে ধারণা দিন। মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু বাড়তি নজর দেয়া উচিৎ। মাসিক সম্বন্ধে পড়তে আগ্রহী করুন। বিভিন্ন ওয়েবসাইট থেকে খুব সহজেই মাসিক সম্বন্ধে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন বইও পাওয়া যায়। তবে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বেশি উত্তম। মাসিক নিয়ে কথা বলতে লজ্জা পাবেন না। এই সময়ে আপনার মেয়ের ডাক্তার হচ্ছেন আপনি নিজেই। প্রথম মাসিক প্রত্যেকটি মেয়ের জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা। তাই নিজের সম্পর্কে সচেতন হন।
medicalbd সাস্থের সকল খবর।
