হাসপাতালেই প্রাইভেট প্রাকটিস সহ আইসিইউর ব্যবস্থা করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করার জন্য সরকারি সব হাসপাতালে  আলাদা কর্নার রাখার নির্দেশনা দিয়েছেন । সেই সাথে সকল সরকারি হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন । গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় ৩৭৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে সরকারি কর্মচারি হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনামন্ত্রী জানান, এ বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ সাধারণ জনগণের জন্য আধুনিক ও বিশেষায়িত সেবা দেয়ার প্রয়োজনীয় সুবিধা তৈরি করতে হবে।

আইসিইউ খরচ বেসরকারি হাসপাতালে  অনেক বেশি। অতিরিক্ত খরচে সাধারণ মানুষ এই সেবা নিতে পারে না। সকল সরকারি হাসপাতালে আইসিউ’র ব্যবস্থা করতে হবে যাতে করে সাধারণ মানুষ কম টাকায় আইইসিউ’র সুবিধা পেতে পারেন । প্রধানমন্ত্রী হাসপাতালের পরিবেশ প্রসঙ্গে  বলেছেন, হাসপাতাল খোলামেলা পরিবেশে হতে হবে। এগুলো যেন ফ্লাট বাড়ির মতো না হয়। ফুডকোর্ট, বাচ্চাদের ডে কেয়ার, চিকিত্সক, নার্স এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে হাসপাতালে। হাসপাতালে মনোরম পরিবেশ সৃষ্টি করতে  একটি করে বাগান থাকতে পারে প্রতিটি হাসপাতালেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*