আবারো দুদকের জিজ্ঞাসাবাদে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি) অধ্যাপক ডা. মো. আবদুর রশিদকে  দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।  দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত বলেন সংস্থাটির উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা শামছুল আলম জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত ৩০ জানুয়ারি ২০১৯ লাইন ডিরেক্টর (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি) অধ্যাপক ডা. মো. আবদুর রশিদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আলোচিত হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনের দুই ভাই ফরিদপুর টিবি হাসপাতালের ল্যাব সহযোগী মো. বেলায়েত হোসেন ও মো. লিয়াকত হোসেন এবং আবজালের তিন শ্যালক স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী অফিসের গাড়িচালক মো. রফিকুল ইসলাম, একই অফিসের উচ্চমান সহকারী মো. বুলবুল ইসলাম ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী মো. শরিফুল ইসলামকে গত ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করা হয় ।

শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ১০ জানুয়ারি  স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব কর্মকর্তা আবজাল হোসেন ও ১৪ জানুয়ারি সহকারী পরিচালক ডা. আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক (দুর্নীতি দমন কমিশন)। দুদক সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরে সিন্ডিকেট করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*