লক্ষ্মীপুরে সেই ভুয়া ডাক্তার আটক   

মু.ওয়াছীঊদ্দিন, লক্ষ্মীপুর:  চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে গাজী জাহাঙ্গির আলম মিঠু (৪৮)কে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১লা ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল রোডস্থ নিউ আধুনিক হাসপাতাল সংলগ্ন গণকল্যাণ প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ বাদি হয়ে ওই ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণা অভিযোগে মামলা দায়ের করেন এবং থানায় হস্তান্তর করেন। গ্রেফতারকৃত গাজী জাহাঙ্গির আলম সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত বশির উল্লাহ মাষ্টারের ছেলে। তিনি ওই চিকিৎসা কেন্দ্রের কো-অর্ডিনেটর।

এর আগে গত শনিবার (২৪ নভেম্বর) বিভিন্ন পত্রিকায় ‘প্যারামেডিকেল সনদ নিয়েই চক্ষু অপারেশন!’ শিরোনামে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। লক্ষ্মীপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মো. মোক্তার হোসেন জানান, গণ্যকল্যাণ নামে চিকিৎসা কেন্দ্রে ত্রিশ টাকার চিকিৎসা সেবার নামে একজন ভূয়া ডাক্তার চক্ষু অপরেশন করছেন।
এছাড়াও প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন। বিভিন্ন পত্রিকার মাধ্যমে সংবাদটি লক্ষ্মীপুর পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনের দৃষ্টিগোচর হয়। পরে শনিবার দুপুরে পুলিশ সুপারের নির্দেশে ওই চক্ষু চিকিৎসা কেন্দ্রে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এক পর্যায়ে চিকিৎসারত অবসস্থায় ওই ভূয়া ডাক্তার গাজী জাহাঙ্গির আলম মিঠুকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় তার ভূয়া ডাক্তারি সিলসহ অন্যান্য সরঞ্জাম। এসময় চিকিৎসার নামে তার বিরুদ্ধে অসংখ্য প্রতারণার অভিযোগ উঠে আসে। পরে সন্ধ্যায় প্রতারণা আইনে মামলা দায়েরের পর তাকে লক্ষ্মীপুর থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*