শরীরের অতিরিক্ত ওজন বা মেদ কমিয়ে জীবনযাপন স্বাভাবিক করতে বিশ্বব্যাপি জনপ্রিয় চিকিৎসাপদ্ধতি বেরিয়াট্রিক সার্জারি। এতে অপারেশনের মাধ্যমে পাকস্থলির আকার কিছুটা কমিয়ে দেয়া হয়। সুখবর হলো, এই ধরনের সার্জারিতে এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণেও আশ্চর্যজনক সফলতা মিলছে। শল্য চিকিৎসার পর ডায়াবেটিস রোগীরা ইনসুলিন ও ওষুধের ব্যবহার কমিয়ে দিচ্ছেন যথেষ্ট মাত্রায়। চিকিৎসাবিজ্ঞানীরা একে বেশ সম্ভাবনা হিসেবে দেখে এর নাম দিয়েছেন ‘মেটাবলিক সার্জারি’। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সার্জারি হলেও বাংলাদেশে এখনো চালু হয়নি। শিগগিরই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই শল্য চিকিৎসা চালু করে একে জনপ্রিয় করার উদ্যোগ নেবে সোসাইটি অব ল্যাপারোস্কপিক সার্জারি (এসএলএসবি)।
গতকাল ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এসএলএসবির উদ্যোগে অনুষ্ঠিত ‘মেটাবলিক সার্জারি : এ নিউ হরাইজন অব ল্যাপারোস্কোপিক সার্জিক্যাল ট্রিটমেন্ট ফর ডায়াবেটিস মিলিটাস’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সোসাইটির সভাপতি বিশিষ্ট ল্যাপারোস্কপিক সার্জন, জাপান-বাংলাদেশ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দেশের বিশিষ্ট ল্যাপারোস্কপিক সার্জন, সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মতিওর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিঙ্গাপুরের মনাস ইউনিভার্সিটির ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডা. পিটার গোহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএইচএম শামসুল আলম, এসএলএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আলম, সাধারন সম্পাদক অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. শেখ এম এ জাফর, অধ্যাপক ডা. সমিরন কুমার মন্ডল, ডা. মো: আবুল কালাম চৌধুরী প্রমূখ।
অধ্যাপক ডা. মতিওর রহমান বলেন, এই অপারেশনের পর পাকস্থলীর খাদ্যগ্রহণ ক্ষমতা কমে উৎপন্ন গ্লুকোজের মাত্রাও কমে যায়। অপারেশনের ফলে হজম না হওয়া খাবার পৌস্টিক নালিতে যায়। যেখানে ইনক্রেটিন্স হরমোন নির্গত হয়। এই হরমোন রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে।
অধ্যাপক ডা. সরদার এ নাঈম বলেন, বাংলাদেশে ৭০ লাখের মতো ডায়াবেটিস রোগী। আশা করছি, নরমাল ল্যাপারোস্কপি করেই এই চিকিৎসা দিতে পারবো আমরা। তিনি বলেন, এর জন্য প্রয়োজনীয় স্ট্যাপলার ডিভাইস একটু দামী হলেও আমরা এই শল্য চিকিৎসাকে জনপ্রিয় করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবো।
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, মেটাবলিক সার্জারি নামকরনে বিশেষ ভূমিকা রাখায় এন্ডোস্কপিক এন্ড ল্যাপারোস্কপিক সার্জনস অফ এশিয়ার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক পিটার গোহ এবং অধ্যাপক ডা. সরদার এ নাঈমের জন্য আমরা গর্বিত।
আরও পড়ুনঃ রাজধানীর কিছু এলাকা চিকুনগুনিয়া বিস্তারে বেশি ঝুঁকিপূর্ণ।
অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান
সোসাইটি অব ল্যাপারোস্কপিক সার্জনস অব বাংলাদেশ (এসএলএসবি)
medicalbd সাস্থের সকল খবর।

