গবেষণায় দেখা যায় যে, অধিকাংশ সময়ে অসুস্থ হওয়ার পূর্ব লক্ষণ হিসেবে গলা ব্যথা হয়। মেডিকেল ভাষায়, গলা ব্যথার অপর নাম হলো “ফ্যারিঞ্জাইটিস”। সাধারণত ঠান্ডা এবং ফ্লুর (Influenza) মতো জীবাণুর সংক্রমণের জন্য গলার এই সমস্যা হয়। গলায় শুষ্ক চুলকানি, খাবার গিলতে এবং ঢোঁক গিলতে সমস্যা হয়। গলা ব্যথা অনেক সময় মারাত্মক অসুখের উপসর্গের কারণ হতে পারে।
উপসর্গঃ গলা ব্যথা হলে সাধারণত গলায় খসখসে হয়, চুলকায় এবং ফুলে যায়, বিভিন্ন সময় ব্যথা অনুভূত হয়। টনসিল ফুলে গিয়ে খাবার গিলতে বা ঢোঁক গিলতে অসুবিধা হয়। এর পাশাপাশি কাশি, জ্বর, সর্দি, হাঁচি এবং শরীরে ব্যথা হয়।
কাদের গলা ব্যথা হওয়ার ঝুঁকি বেশি?
* যারা ধূমপান করে অথবা ধূমপায়ী ব্যক্তির কাছাকাছি থাকে
* শিশু ও কিশোর-কিশোরীরা
* যাদের দীর্ঘদিন ধরে সাইনাসের সমস্যা আছে
* যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম
* ধুলাবালি থেকে যাদের অ্যালার্জি হয়
* ঘরে ব্যবহৃত জ্বালানি ও রাসায়নিক বস্তুর সংস্পর্শে এলে
সাধারণ গলা ব্যথায় চিকিৎসাঃ
১. লবণ পানি দিয়ে গড়গড়া করাটা সবচেয়ে সাধারণ এবং একই সঙ্গে কার্যকর পদ্ধতি। দিনে অন্তত ৪ বার লবণ পানি দিয়ে গড়গড়া করা। গলার সাধারণ ব্যথা বা গলা ভাঙার জন্য ভালো একটি ওষুধ হলো গরম বাষ্প। ফুটন্ত পানির বাষ্প যদি দৈনিক অন্তত ১০ মিনিট মুখ ও গলা দিয়ে টানা হয়, তবে গলার উপকার হয়।
২. ভাঙা গলায় হালকা গরম লেবু পানি, আদা বেশ কার্যকর। শুকনো আদায় ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান রয়েছে, যা গলার বসে যাওয়া স্বরকে স্বাভাবিক করে তুলতে পারে।
তবে এমন সব চিকিৎসাও অনেক সময় কাজে দেয় না। দিনের পর দিন ধরে গলার ব্যথা ও স্বর বসে থাকে। গলা দিয়ে কথা বের হতে চায় না। স্বর বদলে যায়। ফ্যাসফ্যাসে আওয়াজ হয়। সে ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
পরামর্শঃ
* উষ্ণ, আরামদায়ক, স্যাঁতসেঁতে নয় এ রকম ঘরে থাকতে হবে
* ধোঁয়া এবং বায়ু দূষিত করে এমন কিছু থেকে দূরে থাকতে হবে
* সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে বিশ্রাম নিতে হবে। হাঁচি ও কাশির সময় মুখ ঢেকে রাখতে হবে। এর ফলে অন্যরা সংক্রমিত হবে না
* আক্রান্তকালীন সময় কথা কম বলতে হবে। এ সময় প্রচুর তরল খাবার যেমন পানি, ফলের রস, গরম চা গ্রহণ করতে হবে
* ধূমপান এবং ধূমপানের ধোঁয়াযুক্ত পরিবেশ থেকে দূরে থাকতে হবে
* বাড়ির বাতাস শুষ্ক হলে তা আর্দ্র রাখার ব্যবস্থা করতে হবে
* যে সকল কারনে মনে হচ্ছে গলা ব্যথা তীব্র হয় তা বর্জন করতে হবে।
medicalbd সাস্থের সকল খবর।

