শেভ করা ছেলেদের প্রতিদিনের নিয়মিত কাজ। এই শেভ করা নিয়ে থাকে অনেকের হেলাফেলা। কেউ কেউ নিয়মিত বাসায় শেভ করে থাকলেও অনেকেই আছেন যারা হুট হাট শেভ করার জন্য ঢুকে পড়েন অস্বাস্থ্যকর সেলুনে।
দাড়ি কাটার উপযুক্ত নিয়ম খুব সহজে বলা কঠিন। শেভ করার ঝামেলা এড়াতে অনেকেই সেলুন বেছে নেন। তবে সুস্বাস্থ্যের কথা চিন্তা করে নিজের শেভ করার সরঞ্জামাদি দিয়ে শেভ করা ভালো। এক্ষেত্রে নিজে শেভ করতে গিয়ে কখনো দাড়ির বিপরীতমুখী টান দিয়ে ত্বক কেটে ফেলেন। শেভ করা ভালো না হলে মুখের ত্বক খসখসে বা দাড়ি বেশি শক্ত হয়ে যেতে পারে। কারো মুখে র্যাশ অথবা ব্রণের উৎপাত দেখা দেয়। কারো কারো মুখে জ্বলুনিও হতে পারে। এসব সমস্যা থেকে রেহাই পেতে দরকার আরামদায়ক শেভ করা।
দাড়ি বেশি বড় হয়ে গেলে
অনেক সময় দাড়ি বেশি বড় হয়ে গেলে বারবার একই জায়গায় রেজার দিয়ে শেভ করার চেষ্টা করে থাকেন অনেকেই। মনে রাখতে হবে এটা করলে ত্বক কুচকে যাওয়ার আশঙ্কা থাকে। এ সমস্যা এড়াতে ইলেকট্রিক রেজার দিয়ে আগে দাড়ি ছোট করে নিতে পারেন। ইলেকট্রিক রেজার হাতের কাছে না থাকলে ছোট কাঁচি দিয়ে দাড়ি ছোট করে নিন। পরে মুখে শেভিং ফোম লাগিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর রেজার দিয়ে শেভ করে ফেলুন। এতে শেভ করার পরও আপনার ত্বক মসৃণ হবে।
গোসলের পর শেভ করুন
শেভ করার আগে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার অভ্যাস নেই অনেকেরই। আবার সেলুন তো এই চর্চা একেবারেই দেখা যায় না। তবে সবচেয়ে ভালো হয় যদি গোসল করার পর শেভ করা হয় তাহলে। এক্ষেত্রে গোসল করার সময় কিছুক্ষণ পানি দিয়ে মুখ ভিজিয়ে নিন। এতে দাড়ি অনেক নরম হয়ে যাবে। ফলে মসৃণভাবে শেভ করতে পারবেন।
তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিন
একটি পরিষ্কার তোয়ালে গরম পানিতে ভিজিয়ে মুখের ওপর রেখে দিন। যতক্ষণ না তোয়ালে ঠাণ্ডা হয় ততক্ষণ এভাবে ধরে রাখুন। এতে ত্বকের লোম কূপের মুখ খুলে গিয়ে দাড়ি নরম হয়ে যাবে। এরপর শেভ করলে মুখের ময়লাও দূর হয়ে ত্বক পরিষ্কার হয়।
ভালো মানের উপকরণ বেছে নিন
ত্বক ভালো রাখার সব ধরনের উপাদান আছে এমন শেভিং ক্রিম, ফোম বা জেল বেছে নিন। ভেজানো ব্রাশ দিয়ে ভালোমতো ফোমটা মুখে লাগিয়ে নিন। ব্লেড বা রেজার ব্যবহারের আগে গরম পানি দিয়ে ধুয়ে নিন। যত দূর সম্ভব ছোট ছোট স্ট্রোকে টানুন।
উল্টো দিকে রেজার টানবেন না
উল্টো দিকে রেজর কখনো টানবেন না। এতে ত্বকে সমস্যা দেখা দিতে পারে। শেভ করা শেষ হলে ঠাণ্ডা পানি দিয়ে পুরো মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর ফিটকিরি, স্যাভলন, লোশন ইত্যাদি থাকলে তা মুখে ঘষে নিন। এতে সেভের পর মুখের জীবাণু কাটবে।
medicalbd সাস্থের সকল খবর।

