স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ জানান সরাসরি

স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ জানান সরাসরি

দেশের স্বাস্থ্যখাত নিয়ে সাধারণ মানুষের অনেক অভিযোগ। এসব অভিযোগ সরাসরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেককে জানানো যাবে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট ওয়েব লিংক চালু করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় (http://www.mohfw.gov.bd) বা স্বাস্থ্য অধিদফতরের (http://www.dghs.gov.bd) ওয়েবপেজে গেলেই দেখা যাবে ‘আপনার চোখে জাতীয় স্বাস্থ্যসেবায় কোনও সমস্যা ধরা পড়লে তা সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে জানান। কীভাবে উন্নতি করা যায় তাও বলুন।’

এরপর লেখা রয়েছে ‘এই লিংকে প্রবেশ করুন’। এরপর লেখা ‘নিচের কোন বিষয়ের সমস্যা সম্পর্কে জানাতে চান? বিষয়ের নামের পাশের ঘরে ক্লিক দিয়ে টিক চিহ্ন দিন?’ এগুলোতে টিক চিহ্ন দিয়ে নিচের দিকে গেলেই ‘উপরে যে বিষয় বা বিষয়গুলোতে টিক চিহ্ন দিয়েছেন যেসব বিষয় বা বিষয়গুলোর সমস্যা সম্পর্কে সুনির্দিষ্ট করে বলুন’ লেখা রয়েছে।

এরপর ‘প্রতিটি বিষয়ের জন্য আলাদা বক্স ব্যবহার করুন’ লেখা রয়েছে যেখানে একটি ‘অ্যাড রো’ দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে একটি বক্স ওপেন হবে। এতে সমস্যা এবং সমাধানের ব্যাপারে মন্তব্য লেখার সুযোগ রয়েছে। এরপর নিজের নাম, পরিচয় দিয়ে সাবমিট অপশনে গিয়ে সাবমিট করতে হবে। ফর্মের শেষ অংশে লেখা রয়েছে ‘আপনার মূল্যবান পরামর্শ স্বাস্থ্যসেবার মানকে উন্নত করবে এবং প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি-২০১৮ বাস্তবায়নের পথ সুগম করবে। সীমিত সম্পদের মধ্যে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের সহযোগিতা কামনা করি।’

মন্ত্রীর পক্ষ থেকে পাঠানো থ্যাংকস লেটারএরপর মন্ত্রীর পক্ষ থেকে একটি ধন্যবাদ জ্ঞাপন চিঠি আসবে যাতে লেখা রয়েছে ‘আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার পর্যবেক্ষণ এবং মতামত পেলাম। এগুলো আমার কাছে খুবই মূল্যবান। আমি ও আমার সহকর্মীরা এগুলো দেখবো এবং তার আলোকে স্বাস্থ্যসেবার যতটুকু সম্ভব উন্নতি করার ব্যবস্থা নেবো।’

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন মেডিকেলবিডি’কে বলেন, ‘এই মাধ্যমে সরাসরি যে কেউ স্বাস্থ্যমন্ত্রীর কাছে তার অভিযোগ জানাতে পারবেন।’

স্বাস্থ্যমন্ত্রী নিজে অভিযোগগুলো খতিয়ে দেখেন উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী মেডিকেলবিডি’কে বলেন, ‘সাধারণ মানুষ চিকিৎসা পান না, চিকিৎসক থাকেন না- এসব নিয়ে যদি কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে সেখানে অভিযোগ করলেই হবে। অভিযোগকারী যদি বলেন যে, এই সময় চিকিৎসক নাই, নার্স নাই, চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে কিংবা হাসপাতালের কোনও মেশিন নষ্ট। এই তথ্যগুলো জানালে তখনই ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ড. সমীর সরকার বলেন, ‘এই অপশনটি সম্প্রতি চালু করা হয়েছে। এটা সরাসরি মন্ত্রী নিজে দেখতে পান। স্বাস্থ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী এটা করা হয়েছে। এখন থেকে অভিযোগকারী নিজেই মন্ত্রীকে তার অভিযোগ জানাতে পারবেন। মন্ত্রী নিজেই এই অভিযোগগুলো দেখেন এবং সমাধানের চেষ্টা করেন।’

তবে স্বাস্থ্যমন্ত্রীর এই উদ্যোগ স্বাস্থ্যখাতের জন্য ঠিক কতটুকু উপকার বয়ে আনবে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ হেলথ রাইটস মুভমেন্ট- এর প্রেসিডেন্ট ডা. রশীদ-ই-মাহবুব। তিনি বলেন, আমাদের দেশে এখনও অনেক মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। অনেক লোক অশিক্ষিত। এ অবস্থায় এভাবে অভিযোগ দেওয়া সকলের পক্ষে সম্ভব নয়।

তিনি ‘আমাদের দেশের বেশির ভাগ মানুষই নন ডিজিটালাইজড। সুতরাং তাদের কাছে এটার কোনও ভূমিকা নেই। বরং হটলাইনে অভিযোগের কথোপকথন যদি রেকর্ডিং করা হয় তাহলে কিছু তথ্য পাওয়া যেতে পারে।’

তিনি বলেন, ‘এটাতে স্বাস্থ্যমন্ত্রী হয়তো আত্মপ্রচার পেতে পারেন। কিন্তু তেমন একটা কাজে আসবে না। এই সিস্টেমটা কারা তৈরি করেছে, তারা সমাজের কোন স্তরের মানুষ এগুলো তো আমাদের জানা নেই।’

রশীদ-ই-মাহবুব বলেন, ‘আমরা সমস্যাগুলো সমাধান করতে চাই। এখন এখানে হয়তো শত পথ আছে। এখন সঠিক পথ এবং সাধারণ মানুষের জন্য যেটা দরকার- সেটা কীভাবে হতে পারে তা বের করা দরকার। দ্বিতীয়ত কেউ তথ্য দিলো এবং তাকে একটা থ্যাংকস লেটার দিয়ে দিলো। এখানেই মন্ত্রীর সঙ্গে আপনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেলো। এখন এগুলো নিয়ে তারা কী করবেন? কাদের দিয়ে এনালাইসিস করাবেন তা তো আমরা জানি না। তবে, হ্যাঁ, আমি তাদের সিনসিয়ারিটিকে অস্বীকার করবো না কিন্তু এই পথগুলোতে খুব একটা কাজ দেবে না। প্রথম কাজটা হচ্ছে, জনপ্রত্যাশাটা কী সেটা জানা এবং সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারে সক্ষমতা কতটুকু তা বোঝা।’

যে লিংকে গিয়ে মন্ত্রীকে অভিযোগ জানানো যাবেঃ

http://103.247.238.81/webportal/pages/citizen_suggestions.php

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*