পুরুষাঙ্গের বাম পার্শ্বে হটাত ব্যথা

পুরুষাঙ্গের বাম পার্শ্বে হটাত ব্যথা

সমস্যাঃ আমার বয়স ৪৫ বছর। আড়াই বছর আগে আমি পুরুষাঙ্গের বাম পার্শ্বে হটাত ব্যথা অনুভব করি, পরে ডাক্তার দেখালে ডায়াগনোসিস হয় ভেরিকোসিল। এক বছর আগে ঢাকা মেডিকেল হাসপাতালে ভেরিকোসিল অপারেশন করাই। কিন্তু এখন আমার অবস্থার কোনো উন্নতি হয়নি। অপারেশনের আগে যে অসুবিধা ছিল এখনো তাই আছে। বাম অণ্ডকোষ ডান অণ্ডকোষের চেয়ে সামান্য একটু বড় এবং তাঁতে সারা সময় ব্যথা করে। ডাক্তারের পরামর্শে আলট্রাসাউন্ড করিয়ে রিপোর্ট অনুযায়ী বাম অণ্ডকোষের মাপ প্রায় ৩·২/১·৬ সেমি এবং ডান অণ্ডকোষের মাপ প্রায় ২·৬/১·৫ সেমি। ডাক্তারের পরামর্শে অনেক ওষুধ সেবন করেও বাম অণ্ডকোষের ব্যথা নিরাময় হচ্ছে না। সঙ্গে পুরুষাঙ্গের বাম দিকে ব্যথা যায়। ডান পার্শ্বে কোনো ব্যথা নেই। আমার কোনো ডায়াবেটিস ও হৃদরোগ নেই। আমার বাম অণ্ডকোষের ব্যথার জন্য প্রয়োজনীয় পরামর্শ কামনা করছি। আশা করি পরামর্শ দেবেন।

মোঃ হুদা, মিরপুর, ঢাকা

পরামর্শঃ আপনার উপসর্গটি হচ্ছে ক্রনিক জেনিটাল পেইন। মেডিকেল ভাষায় হচ্ছে ক্রনিক অরকালজিয়া। তবে এটা জীবনসংহারক রোগ নয়, তাই খুব বেশি দুশ্চিন্তা করবেন না। আসলে এ ধরনের সমস্যা অপারেশনের পরও খুব অল্প সময়ে ভালো হতে চায় না। তবে তার অর্থ এই নয় যে সারাজীবনই এটা বয়ে বেড়াতে হবে। সাধারণ মূত্রতন্ত্র বিশেষজ্ঞরা ওষুধপত্রের একটা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকেন। যেমন ব্যথানাশক ও বিভিন্ন ধরনের ট্রাংকুলাইজার ও যেসব ওষুধ মূত্রনালি ও মূত্রথলির সংকোচন-প্রসারণ কমায়। আপনার যে অপারেশন করা হয়েছিল তা ঠিকই ছিল। তখন কনজারভেটিভ ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো চিকিৎসা করতে গেলে দেখতে হবে আপনার অন্য কোনো সেকেন্ডারি ধরনের সমস্যা আছে কি না। যেমন অণ্ডকোষে হঠাৎ পানি আসা কিংবা প্রদাহ হওয়া প্রভৃতি। আপনি অভিজ্ঞ মূত্রতন্ত্র বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা নিন।

আরও পড়ুনঃ ওজন নিয়ন্ত্রণে জাদুকরী পদ্ধতি – উম্মে সালমা উর্মী।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*