
সালে আহমেদ, ডেমরা: ওষুধের মেয়াদোত্তীর্ণের (এক্সপায়ার ডেট) তারিখ ২০১৭ সাল। বিক্রি হচ্ছে ২০১৯ সালে। দিন নয়, মাস নয়, দুই বছর আগের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে খোদ রাজধানীতে। এবার মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর ডেমরা এলাকায় ছয় ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
গত বৃহস্পতিবার রাজধানীর ডেমরার স্টাফ কোয়াটারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- জননী ফার্মেসি, ফাতিমা মেডিসিন, সাফা মেডিকেল, মা ফার্মেসি, আমোলিয়া ডেন্টাল কেয়ার এবং বিসমিল্লাহ ফার্মেসি। এ সময় অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে সার্বিক সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) সদস্যরা। অভিযান পরিচালনাকালে আব্দুল জব্বার মন্ডল বলেন,ভোক্তাদের নিরাপত্তার স্বার্থে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হবে।
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা বাণিজ্য করছেন কিছু মুনাফালোভী ব্যবসায়ী। এই মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে বিপুলসংখ্যক রোগী নিরাময়ের বদলে স্বাস্থ্যগত নানা জটিলতার শিকার হচ্ছেন। প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, গত ছয় মাসে সংস্থার নিয়মিত বাজার অভিযানে যেসব ফার্মেসি বা ঔষধ বিক্রির দোকান পরিদর্শন করা হয়েছে তাতে ৯৩ শতাংশ ফার্মেসিতেই তারা মেয়াদোত্তীর্ণ ঔষধ পেয়েছেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করা হয়। তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে এটি ‘বাস্তবতা বিবর্জিত’ তথ্য। বিডিটুডেস /ডি আই/ ১৩ এপ্রিল, ২০১৯
medicalbd সাস্থের সকল খবর।
